সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। এছাড়া সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশটির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিগত কয়েক বছরে আন্তর্জাতিক শান্তি রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সেনাপ্রধানের এই সফর সেই সম্পর্ক ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
Comments