বিশ্ববাজারে তেলের দাম কমায় স্বস্তির আভাস
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ইতিবাচক মন্তব্যের পর তেলের বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমে ৯৫ ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও কমে প্রতি ব্যারেল প্রায় ৯১ ডলারে কেনাবেচা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার কারণে গত সোমবার তেলের দাম লাফিয়ে বেড়ে ১১৯ ডলারে উঠেছিল, যা ছিল গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। তিনি একে একটি "স্বল্পমেয়াদী সফর" হিসেবে অভিহিত করায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কমেছে।
এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। ক্রেমলিন সূত্রে জানা গেছে, সেখানে যুদ্ধের একটি দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে।
তেলের বাজার ঠান্ডা করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে কিছু জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে—এমন খবরেও দামের ওপর প্রভাব পড়েছে।
তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) হুশিয়ারি দিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে তেলের দাম আরও ওঠানামা করতে পারে।
Comments