টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর তার রেড নোটিশ জারির নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ফ্ল্যাট বিক্রির অনুমোদন দিয়েছেন। এটি তিনি তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে করেছেন। এর মাধ্যমে তিনি ও সংশ্লিষ্টরা অবৈধ সুবিধা নিয়েছেন।
মামলার আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং প্রমাণ ও আলামত ধ্বংসের চেষ্টা করছেন। এজন্য তাকে গ্রেপ্তার করা জরুরি। দেশের বাইরে থাকার কারণে তার গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments