ভোটে হারলেন জামায়াতের যে ৩ হেভিওয়েট প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা পায়নি জামায়াতে ইসলামী। হেরেছেন দলটির শীর্ষ ও হেভিওয়েট নেতাদের কেও কেও। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। পরে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ ফলাফল জানা যায়।
খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। এই আসনে তার চেয়ে ২ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলি আসগার লবি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের সাবেক এমপি গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
এদিকে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।
আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান এ ফল ঘোষণা করেন।
এছাড়া, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীর কাছে পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
Comments