নির্বাচনে জঙ্গি হামলার তীব্র শঙ্কা নেই, আবার উড়িয়েও দিচ্ছি না: আইজিপি
নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, 'নির্বাচনে জঙ্গি হামলার তীব্র আশঙ্কা বোধ করছি না, আবার হামলার আশঙ্কা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুলফ্রেম ব্যবস্থা রেখেছি।'
আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে 'জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি' সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, 'আমাদের মূলত আশঙ্কা ছিল প্রচারের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে তথাকথিত ডেমোক্রেসি তাদের সঙ্গে মেলে না। তারা হয়তো কিছু করতে পারে, তবে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা রিলিফ। জঙ্গি হামলার আশঙ্কা ওইভাবে নেই।'
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি।
গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তিনি বলেন, যেকোনো অস্ত্রই একটি থ্রেট। পাশাপাশি বিভিন্ন উপায়ে দেশে অস্ত্র প্রবেশের আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এবার ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।
Comments