কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ব্রাজিল দলকে বরণ করলো কলকাতা
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পৌঁছেছে সেলেসাওরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটা পথ টিম বাস থেকে ভক্ত-দর্শনার্থীদের দূরে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে ব্রাজিলিয়ান দল বিমানবন্দরে অবতরণ করে। তারপর দেশের প্রতীকি সবুজ ও হলুদে রাঙানো দুটি বাস তাদের নিয়ে ভিআইপি গেট দিয়ে দ্রুত বেরিয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে, বিমানবন্দরের কাছে কিংবা তাদের চলাচলের পথের ধারে দাঁড়াতে পারেনি দর্শকরা।
মাত্র ১১ মিনিটের মধ্যে ৯০ জনের দল নিয়ে বিমানবন্দর ত্যাগ করে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের পাশেও ছিল নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
হোটেলের ভেতরে কিছু দর্শক ব্রাজিলের ফুটবলারদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখতেই লবি থেকে স্লোগান ভেসে আসে 'ভিনি ভিনি'। জলপাই সবুজ রঙয়ের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরা ছিল খেলোয়াড়দের। ইনজুরি আক্রান্ত রাফিনিয়াকে ছাড়াই ব্রাজিল দল এসেছে।
শনিবার (৩ অক্টোবর) কলকতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন করার কথা। সঙ্গে থাকবেন ব্রাজিলের এক ফুটবলার। এরপর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে দল। এরপর গোটা দল হোটেল ফিরে যাবে। আর কোনও পরিকল্পনা নেই।
Comments