এক বছরেই স্পেনের দুই ক্লাবের মালিক মেসি
ফুটবলার হিসেবে বিশ্বজুড়ে সাফল্যের পর ক্লাব মালিক হিসেবেও নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার ক্লাবটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
৩৯ বছর বয়সী মেসি চলতি বছরে স্পেনের দ্বিতীয় ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক হলেন। এর আগে এপ্রিল মাসে স্পেনের আরেক ক্লাব ইউই করনেল্লা কিনেছিলেন তিনি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি গত মাসে এলদেন্সের আগের সংখ্যাগরিষ্ঠ মালিক কলম্বিয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কিনতে চুক্তি করেন। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার এলদেন্সের মালিকানা হস্তান্তরের ঘোষণা এলো।
ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এলদেন্স জানায়, 'ক্লাব দেপোর্তিভো এলদেন্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে যে লিও মেসি ক্লাবটি অধিগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে শত বছরেরও বেশি ইতিহাসের এই ক্লাবের জন্য নতুন ও রোমাঞ্চকর এক অধ্যায়ের শুরু হলো।'
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে। সাত ম্যাচে চারটি হার নিয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে আছে দলটি। মেসির মালিকানায় নতুন অধ্যায়ে প্রবেশ করা এলদেন্সের লক্ষ্য এখন মাঠের পারফরম্যান্সেও ঘুরে দাঁড়ানো।
Comments