ব্যর্থতার পর কোচ বদল, নতুন আর্জেন্টাইন কোচ পেলেন মেসিরা
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি চার ম্যাচে হারের পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান 'কিলি' গঞ্জালেসকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ইন্টার মিয়ামি। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নিতে পারবেন না গঞ্জালেস। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তীভাবে ডাগআউটে থাকবেন হয়োস।
কোচ হিসেবে গঞ্জালেসের অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন ও প্লাতেনসের মতো ক্লাবে কাজ করার। এবার মেসি-সুয়ারেজদের ইন্টার মিয়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।
খেলোয়াড় হিসেবে গঞ্জালেসের ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন তিনি। পরে ইউরোপে ভ্যালেন্সিয়া, রিয়াল জারাগোজা ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘ সময় খেলেছেন গঞ্জালেস। এমনকি ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বর্তমান ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মিয়ামি। তবে সাম্প্রতিক সময়ে দলের টানা ব্যর্থতার কারণে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানো দায়িত্ব ছাড়ার পর স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান হয়োস। পরবর্তীতে তাঁর অধীনে দলের পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় বিশ্বকাপের পর তাঁকে স্থায়ী কোচ করা হয়।
দায়িত্বের শুরুতে দুর্দান্ত সাফল্য দেখিয়েছিলেন হয়োস। প্রথম আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ের পাশাপাশি ২৬ গোল করেছিল মিয়ামি। ক্লাবটির ইতিহাসে কোনো কোচের অভিষেক পর্বে এটি ছিল অন্যতম সেরা পারফরম্যান্স।
এদিকে কোচ পরিবর্তনের পাশাপাশি দল শক্তিশালী করার কাজও চালিয়ে যাচ্ছে ইন্টার মিয়ামি। ব্রাজিলের পালমেইরাসের ১৯ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে দলে ভেড়ানোর বিষয়ে প্রায় চুক্তি সম্পন্ন করে ফেলেছে ক্লাবটি।
Comments