একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ক্যানিজিয়া
বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, একদিন বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত 'ঢাকা ইন্টার-স্কুল চ্যাম্পিয়ন্স লিগ'-এর ফাইনালে এ আশাবাদের কথা জানান নব্বইয়ের বিশ্বকাপের অন্যতম আলোচিত এই আর্জেন্টাইন তারকা।
ঢাকা আন্তস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। তবে বৃষ্টির কারণে পুরো ম্যাচটি উপভোগ করতে পারেননি তিনি। ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (বিআইটি) হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী কলেজ।
বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সব সময়ই কঠিন। তবে বাংলাদেশ ধীরে ধীরে আরও ভালো করবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, এখন বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে দলের সংখ্যা আরও বাড়তে পারে। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। তার বিশ্বাস, বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে।
তরুণ ফুটবলারদের উদ্দেশে ক্যানিজিয়া বলেন, ফুটবল শুধু ভাগ্যের খেলা নয়। এর সঙ্গে কঠোর শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা জড়িত।
তিনি বলেন, এর কোনো সংক্ষিপ্ত পথ নেই। কোচের নির্দেশনা মেনে চলা, নিজেদের ওপর বিশ্বাস রাখা এবং প্রতিদিন নিজেদের সেরাটা দেওয়ার মাধ্যমেই সাফল্য অর্জন করতে হবে।
বাংলাদেশে এসে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ক্যানিজিয়া। তিনি বলেন, ১৯৮৬ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে আসছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে জানিয়ে সাবেক এই ফরোয়ার্ড বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার সমর্থক রয়েছে। তবে বাংলাদেশের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়।
ক্যানিজিয়ার ফুটবল ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে ১৯৯০ ইতালি বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত। ব্রাজিলের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে তার করা গোলটি আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।
ম্যারাডোনাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে ক্যানিজিয়া বলেন, দিয়েগো তার বন্ধু ছিলেন। জাতীয় দলে তারা বহু বছর একসঙ্গে খেলেছেন। বয়সে কিছুটা ছোট হওয়ায় ছোটবেলা থেকেই ম্যারাডোনাকে দেখে বড় হয়েছেন তিনি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাও ছিল দারুণ অভিজ্ঞতা।
২০৩০ বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন ক্যানিজিয়া। তার মতে, মেসির জন্য ২০৩০ বিশ্বকাপে খেলা কঠিন হবে।
তবে মেসি চাইলে সেটি সম্ভব বলেও মনে করেন তিনি। ক্যানিজিয়া বলেন, মেসি ফুটবলের একজন জিনিয়াস। সে যদি খেলতে চায় এবং নিজের ইচ্ছা থাকে, তাহলে তার পক্ষে তা করা সম্ভব। তবে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে মেসির নিজের সিদ্ধান্তের ওপর।
Comments