বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রিসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার এক জরুরি বৈঠক শেষে সংস্থাটির ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে এই ক্ষমা চাওয়া হয়।
স্প্যানিশ দৈনিক 'এস'-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করতেই মূলত ওই জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সভার শুরুতে সফল বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের প্রশংসা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিভ্রান্তি দূর করতে বৈঠকে উপস্থিত সাধারণ সম্পাদক এবং ফিফা বোর্ডের সদস্যরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা স্পষ্ট জানান, ইনফান্তিনো হলেন ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র বৈধ প্রতিনিধি। পাশাপাশি, ফিফা সভাপতিও তাঁর ভিশন বাস্তবায়নে অনন্য ভূমিকার জন্য ফিফা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
রাবাতের ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ফিফা আরও জানিয়েছে, এই আলোচনা ফিফার সুশাসনকে আরও শক্তিশালী করবে এবং সংস্থায় আস্থা ফিরিয়ে আনবে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে ভবিষ্যতের বড় ইভেন্ট ও চ্যালেঞ্জ মোকাবিলায় এসব সিদ্ধান্ত সহায়ক হবে।
স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়ে ভুল স্বীকার করে চিঠিতে বলা হয়:"আমরা স্বীকার করছি যে, নতুন প্রকল্প তৈরির প্রস্তাবে কিছু ভুল ছিল। ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। সংবাদমাধ্যমে বিষয়টি ফাঁস হওয়ার পর যেভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, সেখানেও ত্রুটি ছিল বলে আমরা মেনে নিচ্ছি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।"
একই সঙ্গে চিঠিতে একটি কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। যেহেতু প্রস্তাবটি ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে, তাই ফিফার ভাবমূর্তি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর কোনো ধরনের আঘাত বা মানহানি বরদাশত করা হবে না। সংস্থার নাম ও সুনাম রক্ষায় ভবিষ্যতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
চিঠির শেষাংশে ফিফা সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম লিখেছেন, অভিজ্ঞতা থেকেই মানুষ শিক্ষা নেয় এবং এটি ভবিষ্যতের কার্যক্রমকে আরও উন্নত করতে সাহায্য করবে। ২১১টি সদস্য সংস্থা, কনফেডারেশন ও আঞ্চলিক সংস্থাগুলোর সুবিধার্থে 'ফিফা ফরোয়ার্ড' প্রোগ্রামের মাধ্যমে ফুটবলের প্রসার কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে ফিফা প্রস্তুত রয়েছে।
Comments