মেসিকে ব্রাজিলের দলে চান প্রেসিডেন্ট লুলা!
মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের মলিন পারফরম্যান্সে যখন দলের দুর্বলতাগুলো নিয়ে চারদিকে তুমুল সমালোচনা, ঠিক তখনই ব্রাজিল শিবিরে বয়ে গেল একচোট হাসির হাওয়া। আর সেই হাসির কেন্দ্রে রয়েছেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা 'পোস্টার বয়' নেইমার জুনিয়র!
মরক্কো ম্যাচ শেষে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সাংবাদিকরা যখন প্রেসিডেন্ট লুলাকে প্রশ্নবানে জর্জরিত করছিলেন, তখন তিনি এক অদ্ভুত ও মজার সমাধান বাতলে দেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে ব্রাজিলে উড়িয়ে আনার রসিকতা করেন লুলা!
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে উড়ন্ত জয় এনে দিয়েছেন মেসি। সেই প্রসঙ্গ টেনে লুলা হেসে কুটিপাটি হয়ে বলেন, আমি তো ভাবছিলাম ব্রাজিল দলে খেলানোর জন্য মেসিকেই হায়ার (চুক্তি) করে ফেলব কি না!'
তবে রসিকতা পাশে সরিয়ে দেশের ফুটবলারদের ওপর পূর্ণ ভরসাও রাখছেন প্রেসিডেন্ট। মরক্কোর সঙ্গে ড্র করাটাকে 'মস্ত বড় বিপর্যয়' মানতে নারাজ তিনি। তাঁর মতে, মরক্কোই এই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল। অতীত ইতিহাস মনে করিয়ে দিয়ে লুলা বলেন, "লোকে বলে, ব্রাজিলকে নিয়ে যখনই সবাই সবচেয়ে বেশি সন্দেহ প্রকাশ করে, তখনই নাকি তারা বিশ্বকাপ জেতে... দেখা যাক এবার কী হয়!"
প্রেসিডেন্ট যখন মেসিকে নিয়ে মজায় মশগুল, তখন সেলেসাও শিবিরে আসল স্বস্তি ফিরিয়েছেন নেইমার জুনিয়র। চোট আর অফ-ফর্মের টানাপোড়েনে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের স্কোয়াডে যখন তাঁর নাম আসে, অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তার ওপর গত মাসে যোগ হয়েছিল কাফ মাসলের নতুন ইনজুরি।
তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে বুধবার অবশেষে ব্রাজিলের অনুশীলনে বল পায়ে নেমেছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। মাঠে নেমেই নিজের চিরচেনা 'দুষ্টুমি' আর চঞ্চলতা ফিরিয়ে আনেন তিনি। গা-গরমের হালকা সেশন শেষে সাংবাদিকদের দেখে চওড়া হাসিতে চিৎকার করে জিজ্ঞেস করেন, "কী হে, আমাকে খুব মিস করছিলে নাকি?"
নেইমারের এই হাসিমুখ কোটি ব্রাজিল ভক্তের বুকে শান্তি এনে দিলেও একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তিনি শুরু থেকেই মাঠে নামবেন নাকি বদলি হিসেবে খেলবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি দলের কোচিং স্টাফ। ভক্তদের অপেক্ষা এখন শুক্রবারের ম্যাচের দিকে।
Comments