বাকলিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
চট্টগ্রামের বাকলিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বিএসআরএম গ্রুপের সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এ সেন্টারে চিকিৎসা পরামর্শ, ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের বাকলিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
এ সময় বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় ৩ হাজার ৯৮৮ বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। আগামী ২১ নভেম্বর থেকে এখানে রোগীদের সেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সেন্টারটিতে বিএইচএইচের মেডিকেল অফিসারদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ, বিভিন্ন রোগনির্ণয় পরীক্ষা এবং পুনর্বাসনমূলক চিকিৎসার অংশ হিসেবে ফিজিওথেরাপি সেবা পাওয়া যাবে।
বিএইচএইচ কর্তৃপক্ষের লক্ষ্য, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। মিরসরাই ও চট্টগ্রামে এর কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে। নতুন এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বিএসআরএম গ্রুপের এই উদ্যোগকে প্রতিষ্ঠানটির সমাজকল্যাণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। আর্থিক সীমাবদ্ধতা দূর করে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
Comments