ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য ওয়ালটনের। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তাসকিনকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট ব্যয় করেছে তারা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। আট ঘণ্টার এই নিলামে ২৬৯ জন ক্রিকেটারকে তোলা হয়। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় বেছে নেয়। প্রতিটি দল আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার দলে নিয়েছে।
ওয়ালটনের আইকন ক্রিকেটার জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিলাম থেকে দলটি দলে নিয়েছে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস, পেসার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হককে। এ ছাড়া রয়েছেন নাসুম আহমেদ, মার্শাল আইয়ুব, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো ক্রিকেটার।
নিলামে তাসকিনের জন্য ওয়ালটন ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। লিটনকে ১ কোটি ৫৫ লাখ এবং মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নাসুম আহমেদের দাম উঠেছে ৬৯ লাখ, আরিফুল ইসলামের ৬২ লাখ, মার্শাল আইয়ুবের ৩৬ লাখ এবং রনি তালুকদারের ৩০ লাখ পয়েন্ট।
বোলিং বিভাগ শক্তিশালী করতে ওয়ালটন দলে নিয়েছে তরুণ পেসার ইকবাল হাসান ইমনকে। তাঁর জন্য ব্যয় হয়েছে ৬৬ লাখ পয়েন্ট। এ ছাড়া অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দিয়ে দলে ভিড়িয়েছে দলটি।
ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই তারকা ক্রিকেটার নিয়ে দল সাজানোর সুযোগ ছিল। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়েছে।
নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, "সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।"
এদিকে, ওয়ালটনের অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে অধিনায়ক নির্বাচন করা হবে বলে জানিয়েছেন কোচ আবদুর রাজ্জাক।
বিসিবির নতুন এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই খেলবে দলগুলো। অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স ও তরুণদের সামর্থ্য কাজে লাগিয়ে প্রতিযোগিতায় ভালো ফল করাই এখন ওয়ালটনের লক্ষ্য।
Comments