সুযোগ-পরিবেশ পেলে প্রতিবন্ধীরাও অবদান রাখবে: ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, তাদের ভেতরে লুকিয়ে থাকা মেধা ও সুপ্ত প্রতিভার মাধ্যমেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। উপযুক্ত সুযোগ ও পরিবেশ পেলে তারা অন্যদের মতোই সমাজের সর্বস্তরে নিজস্ব অবস্থান তৈরি করতে পারে এবং নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে সমাজের সম্পদে পরিণত হতে পারে।
তিনি রোববার (২৬ জুলাই) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে 'মৌসুমী ফল উৎসব' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনিরুদ্ধ দাস আরও বলেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। সিলেট সিটি কর্পোরেশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে যৌথভাবে উন্নয়নমূলক নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মতো সেবামূলক প্রতিষ্ঠানের পাশে থাকতে পারাকে তিনি সম্মানের বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জিডিএফ'র উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনটির মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিউম্যান কেয়ার সিলেটের চেয়ারম্যান শামা হক চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, দৈনিক যুগান্তর সিলেট অফিসের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, নিউ হ্যামবার কাউন্সিলর সাব্বির আহমদ সানি, অভিনেতা বেলাল আহমদ মুরাদ এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলতাউর রহমান খান শামছু।
জিডিএফ'র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রমেশ দত্ত, কোষাধ্যক্ষ দিদার আহমদ, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও সভাপতি আবুল লেইছ, ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম, নার্গিস বেগম, নির্বাহী সদস্য সাবিলা কান্তা, সদস্য পার্থ সারথি দত্ত, ফাতেমা বেগম, নৃত্যশিল্পী অনিতা সিংহ, স্বপ্না বেগম, সংগঠক মখন মিয়া ও কামাল আহমদ, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল ও রাব্বানী হোসেনসহ অন্যরা।
এছাড়া বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শেষে জিডিএফ'র পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Comments