নাহিদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানালেন অলিদ বিন সিদ্দিক
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে সতর্ক হওয়ার এবং নৈরাজ্য পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
এক বিবৃতিতে তিনি দাবি করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারের আগে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েও সাড়া পাননি। তাঁর মতে, এই ঘটনা রাজনৈতিক আনুগত্য ও নেতৃত্বের দায়িত্ববোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।
অলিদ বিন সিদ্দিক বলেন, নাহিদ দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের কঠিন সময়েও তিনি পাশে ছিলেন। অথচ নিজের বিপদের সময় প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা থেকে অন্য নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত।
তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে নিজেদের নিরাপত্তা, ভবিষ্যৎ ও দেশের পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। কোনো নেতার ফিরে আসার আশ্বাসে নিজেদের ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বানও জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।
আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অতীতের কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অলিদ বিন সিদ্দিক। তিনি বলেন, প্রয়োজন হলে বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করে তাঁদের আত্মসমর্পণের সুযোগ এবং আইনি বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেবেন।
বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের প্রতিও সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ক্ষমতা স্থায়ী নয়। তাই কোনো ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে নিজের নীতি ও আদর্শ বিসর্জন দেওয়া উচিত নয়।
বিবৃতির শেষে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় ফিরে আসার এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, সভাপতি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
Comments