কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, স্মরণসভা কাল
কবি ও গবেষক হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর। ২০২০ সালের এই দিনে ঢাকার বারডেম হাসপাতালে মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিমেল বরকত। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আজকের পরিবর্তে আগামীকাল সোমবার এসব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
সোমবার (২৩ নভেম্বর) সকাল নয়টায় মোংলার মিঠাখালীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করা হবে। এ সময় শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। পরে সকাল ১০টায় তাঁর বাড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হবে। রুদ্র স্মৃতি সংসদ ও মোংলা নাগরিক সমাজ এসব কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে জন্মগ্রহণ করেন হিমেল বরকত। তাঁর বাবা ডা. শেখ ওয়ালীউল্লাহ এবং মা শিরিয়া বেগম। কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তাঁর বড় ভাই।
কবিতা ও গবেষণায় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন হিমেল বরকত। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ 'চোখে চৌদিকে', 'বৈশ্য বিদ্যালয়' ও 'দশ মাতৃক দৃশ্যাবলি'। এ ছাড়া গবেষণাধর্মী গ্রন্থ 'প্রান্তস্বর ব্রাত্যভাবনা'সহ বেশ কয়েকটি বই রয়েছে তাঁর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি সাহিত্য ও গবেষণায় যুক্ত ছিলেন তিনি। ২০২০ সালের ২২ নভেম্বর ৪৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
Comments