আজ আনফ্রেন্ড দিবস, বন্ধুতালিকা ঝালিয়ে নেওয়ার দিন
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর নিউজ ফিডে ঘুরলেই দেখা যায় কত কিছু! কেউ কেউ খাবারের ছবি শেয়ার করছেন, ঘোরাঘুরির ছবি দিচ্ছেন বা কিভাবে গিয়েছেন তাঁর বিস্তারিত জানাচ্ছেন আবার তাদের আদরের পোষ্যপ্রাণীর ছবি পোষ্ট করছেন। এসব ব্যক্তিগত পোস্ট বা শেয়ারের বাইরেও ফিডে ঢুকলেই দেখা যায় বিভিন্ন মুভি-সিরিজের রিভিউ বা স্পয়লার কনটেন্ট।
নিউজ ফিডে ঘোরাঘুরি করা এসব কন্টেন্ট, পোস্ট, অন্যের দেওয়া বিভিন্ন মতামত আপনার নিউজ ফিডে আসছে তাদের অনেককেই হয়তো আপনি চিনেন না। কয়েকদিনের আলাপে হয়তো তাকে আপনার সোশ্যাল মিডিয়ায় যুক্ত করেছিলেন কিন্তু এখন তাঁর নামটাও ঠিক মনে করতে পারবে না। তাহলে তাদের আপনার ফেসবুকে রেখে কি হবে ? এর সমাধান হিসেবে এক মজার উপলক্ষ হলো আনফ্রেন্ড দিবস।
বন্ধু, যে এমন একজন মানুষ যার সাথে থাকে আত্মার সম্পর্ক, যার কাছে সব কিছু শেয়ার করা যায়, ভুল করলে রেগে একটা ধমক দেওয়া যায় আবার আনন্দের সময় ভাগাভাগি করে উদযাপন করা যায়। তবে বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে যেন বন্ধুত্ত্বের সংজ্ঞা যেন একটু পালটে গেলো। সামাজিক যোগাযগমাধ্যমের দ্বারা এখন পরিচিত-অপরিচিত সবাই বন্ধু, পূর্বে কখনো কখনো দেখা হয়নি বা আলাপ হয়নি এমন মানুষও ফেসবুকের মাধ্যমে হয়ে উঠছে আপনার বন্ধু। আর এরকম মানুষদের বাদ দিয়ে দেওয়ার জন্য যুক্ত হল নতুন একটি শব্দ 'আনফ্রেন্ড'।
২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি 'আনফ্রেন্ড' শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করা হয়। এর অর্থ, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া।
মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল ২০১৪ সালে চালু করেন আনফ্রেন্ড ডে। তার উদ্দেশ্য ছিল, ফেসবুকে বন্ধু সংগ্রহের অদ্ভুত প্রতিযোগিতায় একটু লাগাম টানা। অনেকটা পোকেমন কার্ড জমানোর মতো মানুষও যেন বন্ধু জমাতে ব্যস্ত নেমে পড়েছিলেন। অথচ সেই বন্ধুদের অনেকের সঙ্গেই বাস্তবে কোন যোগাযোগ নেই।
ন্যাশনাল আনফ্রেন্ড ডে উদযাপন করতে আপনার ফেসবুকের বন্ধুতালিকায় কারা যুক্ত আছেন, তাদের আপনি কতটা চিনেন, তাদের সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হয় কিনা এ নিয়ে একটু বন্ধু তালিকায় ছোট অভিযান চালান। আর এই ছোট অভিযানেই দেখবেন অনেক অচেনা মুখ, যাদের সাথে আপনার বহুবছর কথা হয় না বা আপনি চিনতেও পারছেন না।
আনফ্রেন্ড দিবস উপলক্ষে ফেসবুকে একটি পেজও আছে। যেখানে আপনি কাকে আনফ্রেন্ড করবেন সেসব নিয়ে মজার মজার কিছু পরামর্শ। তবে শুধু অন্যদের আনফ্রেন্ড করাই এই দিনের উদ্দেশ্য নয়, বরং নিজের ফেসবুক ব্যবহারের অভ্যাস নিয়েও একটু ভাবা দরকার। আমরা ফেসবুকে কতটা সময় দিচ্ছি ? পরিবার ও বন্ধুদের কেন সময় দিতে পারছি না? প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই আমরা কি বেশি ব্যস্ত হয়ে পড়ি?
একটু ভেবে দেখুন, যেসব মুহূর্ত প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটানোর কথা, সেগুলো যদি ছবি তোলা আর পোস্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সেই আনন্দের অর্থ কী?
সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দূরের মানুষদের কাছাকাছি এনেছে। কিন্তু এর কারণে কাছের মানুষগুলো যেন দূরে সরে না যায়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
তাই এ দিবস উপলক্ষ্যে বন্ধুতালিকা থেকে অপ্রয়োজনীয় বন্ধু বাদ দেওয়ার পাশাপাশি নিজের বাস্তব জীবনের সম্পর্কগুলোও গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ ফেসবুকে হাজার হাজার বন্ধু থাকার থেকে আপনার বিপদে পাশে থাকার মত দু-চারজন বন্ধু থাকাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Comments