ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা— কোনটি বেশি কার্যকর?
ওজন কমানোর জার্নিতে চা প্রেমীদের প্রথম পছন্দই থাকে কোনো না কোনো ভেষজ বা লিকার চা। কেউ বেছে নেন গ্রিন টি, কেউ মাচা টি, আবার কেউ পছন্দ করেন খাঁটি লিকার বা ব্ল্যাক টি। তবে অনেকেই হয়তো জানেন না যে, একই চা গাছ থেকে তৈরি হলেও এদের গুণাগুণ এবং শরীরে মেদ ঝরানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। টিভি নাইনের এক প্রতিবেদনে এই তিন ধরনের চায়ের কার্যকারিতা ও পুষ্টিগুণ তুলে ধরা হয়েছে।
মেদ ঝরাতে গ্রিন টি
গ্রিন টি-তে রয়েছে 'ইজিসিজি' নামক অত্যন্ত শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এই অ্যান্টি-অক্সিডেন্ট যখন চায়ের প্রাকৃতিক ক্যাফেইনের সঙ্গে মেশে, তখন শরীরের মেটাবলিজম বা বিপাক হার অনেকটাই বাড়িয়ে দেয়। নিয়মিত ডায়েট ও শারীরিক পরিশ্রমের সঙ্গে গ্রিন টি খেলে শরীর অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে মেদ ঝরাতে শুরু করে।
এনার্জি বুস্টার হিসেবে মাচা টি
মাচা টি মূলত গ্রিন টি-এরই একটি বিশেষ এবং বহুগুণ শক্তিশালী রূপ। এই চা গাছ সাধারণত ছায়ায় রেখে তৈরি করা হয় এবং পুরো পাতা গুঁড়ো করে সরাসরি পানির সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। পাতা সরাসরি পেটে যায় বলে সাধারণ গ্রিন টি-এর তুলনায় মাচা থেকে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যাফেইন পাওয়া যায়। এতে থাকা এল-থিয়েনিন নামক অ্যামাইনো অ্যাসিড শরীরকে দীর্ঘক্ষণ সতেজ রাখে। কফির মতো এটি খেলে হঠাৎ এনার্জি কমে যাওয়া বা বুক ধড়ফড় করার সমস্যা হয় না। যারা ভারী ব্যায়াম বা জিম করেন, তাদের জন্য 'প্রি-ওয়ার্কআউট' পানীয় হিসেবে মাচা চা দুর্দান্ত।
অন্ত্রের স্বাস্থ্যের জন্য ব্ল্যাক টি বা লিকার চা
ওজন কমানোর ক্ষেত্রে আমাদের চিরচেনা লিকার চাও কিন্তু কম উপকারী নয়। এতে থাকা উপাদানগুলো সরাসরি রক্তে না মিশে আমাদের পরিপাকতন্ত্র বা পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়ার কার্যকারিতা বাড়ায়। অন্ত্রের স্বাস্থ্য উন্নত করার মাধ্যমে এটি পরোক্ষভাবে শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে।
আপনার প্রতিদিনের অভ্যাস, শরীরের ধরন এবং স্বাদের ওপর ভিত্তি করে সঠিক চা বেছে নিতে পারেন। আপনি যদি ক্যাফেইনের প্রতি সংবেদনশীল হন (ক্যাপেইন সহ্য না হয়) এবং হালকা স্বাদের কিছু চান, তবে সাধারণ গ্রিন টি আপনার জন্য সেরা। যদি দ্রুত মেটাবলিজম বাড়াতে চান, নিয়মিত জিম করেন এবং বাজেট একটু বেশি থাকে, তবে মাচা টি বেছে নিন। যারা দীর্ঘদিন ধরে সকালে দুধ ছাড়া কড়া চা খেতে অভ্যস্ত, তারা ওজন কমানোর প্রক্রিয়া সহজ করতে চিনি ছাড়া লিকার চা-ই পানের অভ্যাস ধরে রাখতে পারেন।
মনে রাখবেন, কোনো চা-ই জাদুকরী মন্ত্রে নিজে থেকে ওজন কমিয়ে দিতে পারে না। সঠিক ডায়েট আর নিয়মিত শারীরিক পরিশ্রমের পাশাপাশি এই পানীয়গুলো কেবল আপনার মেদ ঝরানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে।
Comments