ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন যেসব নিয়ম
কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদারে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেটা। এ লক্ষ্যে ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বয়স শনাক্তকরণ ব্যবস্থা আরও বিস্তৃত পরিসরে চালু করছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটে মেটা এ উদ্যোগ জোরদার করছে।
মেটার নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর বয়স নিয়ে সন্দেহ তৈরি হলে এআই প্রযুক্তি তার পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে। এসব তথ্যের ভিত্তিতে কাউকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হলে তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তা বিধি কার্যকর হবে। ব্যবহারকারী নিবন্ধনের সময় ১৮ বছরের বেশি বয়স উল্লেখ করলেও এআই বিশ্লেষণে কিশোর হিসেবে শনাক্ত হলে একই ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটির দাবি, বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পর কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এ কারণে বিভিন্ন দেশে প্রযুক্তিটির সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে এর কার্যকারিতা আগে পরীক্ষা করা হয়েছে।
নতুন ব্যবস্থা চালুর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে কিশোরদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনাকারী অভিভাবকদের এ মাস থেকেই নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। পরে ফেসবুক ও থ্রেডসেও বয়স শনাক্তের এ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের জন্য বেশ কিছু নিরাপত্তা বিধি রাখা হয়েছে। এর আওতায় ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময় পর বিরতি নেওয়ার পরামর্শ, রাতে নোটিফিকেশন বন্ধ রাখা এবং ব্যবহার নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতির পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি অ্যাপ ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা প্রদর্শিত হবে। সামাজিক তুলনা বাড়াতে পারে এমন কিছু লাইক ও রিঅ্যাকশন সুবিধাও সীমিত রাখা হবে। অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোরদের যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের আসক্তি, মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এসব প্ল্যাটফর্মের অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লাইক, মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আসক্ত করে তুলতে পারে, বয়স যাচাইয়ে যথাযথ ব্যবস্থা নেয় না এবং অভিভাবকদের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
Comments