ফেসবুকের জনপ্রিয় ফিচার বন্ধ করছে মেটা, ডেটা সংরক্ষণে সময়সীমা ১৪ ডিসেম্বর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ ফিচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। 'অ্যাডিশনাল প্রোফাইল' নামে পরিচিত একাধিক প্রোফাইল ব্যবহারের সুবিধা আর থাকছে না জনপ্রিয় এই প্ল্যাটফর্মে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম 'ব্যাংকক পোস্ট'-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মেটার সিদ্ধান্ত অনুযায়ী, একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো নির্ধারিত সময়ের পর আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল প্রোফাইল আগের মতোই চালু থাকবে। অর্থাৎ, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে শুধু মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অতিরিক্ত প্রোফাইলগুলোর ওপর।
২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এই সুবিধা চালু করা হয়। এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক স্বতন্ত্র প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, পেশাগত কাজ কিংবা বিভিন্ন আগ্রহভিত্তিক গ্রুপে আলাদা পরিচয়ে যুক্ত থাকার সুযোগ থাকায় ফিচারটি বেশ জনপ্রিয়তা পায়। নতুন ইমেইল ঠিকানা বা আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন ছাড়াই ভিন্ন পরিচয়ে ফেসবুক ব্যবহারের সুযোগ ছিল এতে।
তবে চালুর কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের পথে হাঁটছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে নিতে পারবেন তারা। সময়সীমা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রোফাইলের তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
গ্রুপ পরিচালনায় বাড়তি সতর্কতা
অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যেসব ব্যক্তি বিভিন্ন ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী, গ্রুপের কার্যক্রম স্বাভাবিক রাখতে অতিরিক্ত প্রোফাইলের পরিবর্তে মূল প্রোফাইলে অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর করতে হবে। কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
যেভাবে ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের তথ্য
অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় ছবি, ভিডিও, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন।
২. এরপর 'Settings & Privacy' থেকে 'Settings' অপশনে যান।
৩. সেখানে 'Your Information and Permissions' বিভাগে প্রবেশ করে 'Export Your Information' নির্বাচন করুন।
৪. এরপর 'Creator Export' অপশনে গিয়ে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। তথ্য সংরক্ষণের জন্য ডিভাইস অথবা ক্লাউড স্টোরেজের মাধ্যম বেছে নিন।
৫. সবশেষে কোন কোন তথ্য ডাউনলোড করতে চান, তা নির্বাচন করে 'Create Export' অপশনে ক্লিক করুন।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে ব্যক্তিগত ছবি, ভিডিও, পোস্টসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল স্মৃতি হারিয়ে যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
Comments