সংবাদমাধ্যমের প্রতিবেদন ব্যবহার নিয়ে আইনি জটিলতায় গুগল
সংবাদমাধ্যমের প্রকাশিত খবর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উত্তর তৈরি করলে তা কপিরাইট আইন লঙ্ঘন করতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালতের একজন উপদেষ্টা। তাঁর মতে, নির্দিষ্ট ক্ষেত্রে সংবাদ প্রকাশকদের সৃজনশীল কাজের স্বত্ব ক্ষুণ্ন হওয়ার সুযোগ রয়েছে। ফলে এআই সেবার কনটেন্ট ব্যবহার নিয়ে নতুন আইনি জটিলতায় পড়তে পারে গুগল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতের অ্যাডভোকেট জেনারেল ম্যাসিয়েজ স্পুনার এ বিষয়ে একটি মতামত দিয়েছেন। তিনি মনে করেন, সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে সংগৃহীত প্রতিবেদন ব্যবহার করে জেমিনি যদি ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে মূল লেখার উল্লেখযোগ্য অংশ বা স্বতন্ত্র প্রকাশভঙ্গি তুলে ধরে, তাহলে তা কপিরাইট লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
হাঙ্গেরির ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান লাইক কোম্পানির করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এ মতামত দিয়েছেন স্পুনার। লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে মামলাটিতে গুগলের এআই চ্যাটবটের মাধ্যমে কনটেন্ট ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
স্পুনারের মতে, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রবেশের ক্ষেত্রে পেওয়াল কিংবা অন্যান্য প্রযুক্তিগত সুরক্ষা অবৈধভাবে এড়িয়ে গেলে কপিরাইট লঙ্ঘনের বিষয়টি সামনে আসতে পারে। একইভাবে প্রতিবেদনের স্বতন্ত্র ভাষা, লেখার ধরন ও সৃজনশীল উপস্থাপনা শনাক্তযোগ্যভাবে পুনরায় ব্যবহার করলেও প্রকাশকের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কোনো সংবাদের সাধারণ তথ্য বা ঘটনা কপিরাইটের আওতায় পড়ে না। সুরক্ষা প্রযোজ্য হয় মূলত সেই তথ্য প্রকাশের সৃজনশীল ভাষা ও উপস্থাপনার ক্ষেত্রে।
অন্যদিকে, কপিরাইট সুরক্ষিত উপাদান ব্যবহার করে বড় ভাষা মডেল (এলএলএম) প্রশিক্ষণের বিষয়টিকে আলাদাভাবে বিবেচনা করেছেন আদালতের এই উপদেষ্টা। তাঁর মতে, ইইউর টেক্সট অ্যান্ড ডেটা মাইনিং-সংক্রান্ত আইনি ব্যতিক্রমের আওতায় এ ধরনের প্রশিক্ষণ বৈধ হতে পারে। তবে সংশ্লিষ্ট হাঙ্গেরীয় প্রকাশকের প্রতিবেদন জেমিনি প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, অ্যাডভোকেট জেনারেলের মতামত আদালতের জন্য বাধ্যতামূলক নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত অনেক ক্ষেত্রে উপদেষ্টাদের মতামত অনুসরণ করে চূড়ান্ত রায় দিয়ে থাকে। আগামী কয়েক মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি হতে পারে।
এ বিষয়ে গুগলের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ইউরোপে প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে টেক্সট ও ডেটা মাইনিং-সংক্রান্ত আইনি সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকাশ্যে থাকা তথ্য ব্যবহার করে এআই প্রশিক্ষণের সুযোগ রয়েছে—আদালতের উপদেষ্টার মতামতেও বিষয়টি স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের ভাষ্য, জেমিনি বিভিন্ন ভাষা ও শব্দের ব্যবহার থেকে শেখে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে নতুন উত্তর তৈরি করে। অন্যের লেখা সরাসরি নকল করে উত্তর দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। পাশাপাশি প্রকাশকদের জন্য নিজেদের কনটেন্ট এআই সেবায় ব্যবহার বন্ধ বা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে সংবাদ প্রকাশকদের উদ্বেগ ভিন্ন জায়গায়। ইউরোপীয়ান পাবলিশার্স কাউন্সিলের নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা মিলস ওয়েডের মতে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাঠককে মূল সংবাদে পৌঁছে দেওয়া আর সংবাদ ব্যবহার করে এআইয়ের মাধ্যমে সরাসরি উত্তর সরবরাহ করা এক বিষয় নয়।
তিনি মনে করেন, গুগলের সার্চ ইঞ্জিনের ওপর সংবাদমাধ্যমগুলোর পাঠকপ্রাপ্তি অনেকটাই নির্ভরশীল। কিন্তু জেমিনির মতো এআই সেবা সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ায় ব্যবহারকারীদের মূল সংবাদ পড়ার প্রয়োজন কমছে। এতে সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পাঠক ও ভিজিটর কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মামলায় গুগলের বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে অর্থ পরিশোধের বাধ্যবাধকতায় পড়তে হতে পারে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে এআইয়ের কারণে পাঠক হারানোর ঝুঁকিতে থাকা অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য ক্ষতিপূরণ বা ন্যায্য পারিশ্রমিক পাওয়ার নতুন পথ তৈরি হতে পারে।
Comments