সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জন মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮০৯ এবং নিশ্চিত হামে ৯৯ জন। ফলে সব মিলিয়ে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে মৃত্যুর এ ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮০৯ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯০৮ জন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৮০। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৮৮০ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে ছয়জন মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের। একজন সিলেট, একজন রাজশাহী আর অন্যজন ময়মনসিংহ বিভাগের।
Comments