বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাইকেল র্যালি অনুষ্ঠিত
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের উদ্যোগে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটন ভবনের সামনে এক সাইকেল র্যালিতে আয়োজন করা হয়। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) ঘোষিত এবারের প্রতিপাদ্য "Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism", অর্থাৎ "ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন"।
সকাল ৯:৩০ মিনিটে সাইকেল র্যালি উদ্বোধন ও ফ্ল্যাগ-অফ করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি, সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জাতীয় নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. উজ্জ্বল কুমার মাল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ তাওহীদুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্ট, ঢাকার বিভিন্ন সাইক্লিং গ্রুপের নেতৃবৃন্দ ও সাইক্লিস্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, "তরুণ প্রজন্মকে দেশের পর্যটন ও ভ্রমণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে সাইক্লিং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ব পর্যটন দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের এই উদ্যোগ তরুণদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।"
জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি বলেন, "তরুণদের অংশগ্রহণে সাইক্লিংয়ের মতো উদ্যোগ দেশের পর্যটনকে আরও জনসম্পৃক্ত ও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।"
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, "দেশের পর্যটনকে আরও জনসম্পৃক্ত করতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইক্লিংয়ের মতো কার্যক্রমের মাধ্যমে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর পর্যটন চর্চাকে উৎসাহিত করা সম্ভব।"
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ তাওহীদুর রহমান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব সাইক্লিংকে শুধু খেলাধুলা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সচেতনতা এবং দেশের পর্যটনকে তরুণদের কাছে তুলে ধরার একটি মাধ্যম হিসেবে কাজ করছে। বিশ্ব পর্যটন দিবসে এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।"
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, "তরুণদের মধ্যে সাইক্লিং ও দেশ ভ্রমণের আগ্রহ তৈরি করা এবং দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যকে সাইক্লিংয়ের মাধ্যমে তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে পর্যটন ও সাইক্লিংকে কেন্দ্র করে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।"
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই সাইকেল রাইড অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিবেশবান্ধব ভ্রমণকে উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।
Comments