রংপুরসহ ৪ জেলায় বন্যার আশঙ্কা
দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরসহ উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।
সংস্থাটি জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ভিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।
তিস্তা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল এ সময়ে স্থিতিশীল থাকতে পারে।
এ অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু এলাকায় তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা বা প্লাবন দেখা দিতে পারে।
Comments