কর্ণফুলীর মোহনায় আটকা কনটেইনারবাহী জাহাজ, উদ্ধারকাজ চলছে
চট্টগ্রাম বন্দরের মূল প্রবেশমুখ কর্ণফুলী নদীর মোহনায় আটকে গেছে ১ হাজার ২৮২টি কনটেইনারবাহী পণ্যবাহী জাহাজ 'এমভি সিএনসি ইউরেনাস'।
সোমবার দুপুর ২টার দিকে বন্দর জেটিতে ভিড়ার উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বন্দরে প্রধান চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
মাল্টার পতাকাবাহী জাহাজটির এ দুর্ঘটনার খবর নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বেলা সোয়া ২টার দিকে জেটি অভিমুখে আসার সময় জাহাজটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং পরে পাশের রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে (গ্রাউন্ডেড) পড়ে।
দুর্ঘটনার পরপরই জাহাজটি দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থলে টাগবোট 'কাণ্ডারী-৪' ও 'কাণ্ডারী-১১' মোতায়েন করা হয়েছে। নেভিগেশনাল চ্যানেল নিরাপদ রাখতে এবং বড় ধরনের ক্ষতি এড়াতে সামুদ্রিক কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বন্দর সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভাটার সময়ে এমনিতেও বড় জাহাজের চলাচল সীমিত বা বন্ধ থাকে, যার ফলে বন্দরের সার্বিক জাহাজ চলাচলে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধারকারী টিমগুলো সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।
Comments