রাঙামাটির কাপ্তাই হ্রদে ভেসে উঠল গৃহবধূর লাশ
রাঙামাটি জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস। রবিবার (২১ জুন) সকাল ১০ টার দিকে ভাসমান অবস্থা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। মুক্তা বড়ুয়া তার স্বামী অভিজিৎ বড়ুয়ার সাথে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বিজিবি রোড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।
গত শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে শনিবার পরিবারের পক্ষ থেকে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সকালে স্থানীয়রা হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেয়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পানি থেকে ভাসমান লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ।
Comments