রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে দেশটিকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এ রায়কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের এই রায় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা রক্ষা এবং শান্তিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে আইসিজের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও এ রায়ে প্রতিফলিত হয়েছে।
প্রেসিডেন্ট আরও বলেন, মামলার বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপকারী রাষ্ট্রগুলোর অন্যতম হিসেবে মালদ্বীপ গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি মানবিক মর্যাদা সুরক্ষায় সব রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইসিজের রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালায়। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল। আদালত ৯-৬ ভোটে মিয়ানমারকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেন।
রায়ে মিয়ানমারকে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত। ক্ষতিপূরণের পরিমাণ ও বাস্তবায়ন পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার মুখে সাত লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি শরণার্থী অবস্থান করছেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নিপীড়নের বিচার নিশ্চিত করতে ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০২০ সালের জানুয়ারিতে আদালত রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার আলামত সংরক্ষণে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রমে মালদ্বীপসহ ১১টি রাষ্ট্র হস্তক্ষেপের ঘোষণা দেয়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির কোনো সুযোগ থাকা উচিত নয়। তবে রায় বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বড় চ্যালেঞ্জ।
Comments