লন্ডনে বাংলা ভাষায় মঞ্চস্থ হলো বৌদ্ধ ধর্মীয় দুই নাটিকা, আবেগাপ্লুত দর্শক
বিদেশের মাটিতে বাংলা ভাষায় বৌদ্ধ ধর্মীয় নাট্যচর্চায় নতুন দিগন্তের সূচনা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। প্রথমবারের মতো বিলাতে একই অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও দর্শননির্ভর দুটি নাটিকা 'বুদ্ধকে সুজাতার পায়েস দান' ও 'অঙ্গুলিমাল'। নাটিকা দুটিতে বুদ্ধের মধ্যমপথ, মৈত্রী, করুণা ও অহিংসার শিক্ষা তুলে ধরা হয়। বিশেষ করে 'অঙ্গুলিমাল' নাটিকার মা ও ছেলের আবেগঘন দৃশ্য দর্শকদের অনেককে কাঁদিয়েছে।
গত ১৫ নভেম্বর লন্ডনের মেনর পার্কের রাভাদাসিয়া কমিউনিটি হলে জেতবন বিহার লন্ডনের উদ্যোগে আয়োজিত দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান উৎসবে নাটিকা দুটি মঞ্চস্থ হয়। দিনব্যাপী এই আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ জনের বেশি ধর্মপ্রাণ বৌদ্ধ ও দর্শক অংশ নেন।
কঠিন চীবর দান উৎসবে নানা আয়োজন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহাসংঘ দান ও জ্ঞাতিভোজন। দ্বিতীয় পর্বে ১২ জন ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মীয় দানসভা ও সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের। অনুষ্ঠানে যুক্তরাজ্যের সমাজকল্যাণ ও পেনশনবিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন।
বিকেল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য ও সংগীত পরিবেশনার পাশাপাশি মঞ্চস্থ হয় বৌদ্ধ ধর্মের ইতিহাস ও শিক্ষা নিয়ে নির্মিত দুটি নাটিকা।
বাংলাদেশ ও প্রবাসে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় আয়োজনে নৃত্য, সংগীত ও কীর্তনের প্রচলন থাকলেও ধর্মীয় নাট্যচর্চা তুলনামূলকভাবে কম। নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, দর্শন ও মানবিক শিক্ষাকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (BBCUK)-এর কালচারাল টিম এই উদ্যোগ নেয়।
সুজাতার পায়েস দানে উঠে আসে মধ্যমপথের শিক্ষা
প্রথম নাটিকা 'বুদ্ধকে সুজাতার পায়েস দান'-এ গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভের আগের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়।
দীর্ঘ ছয় বছর কঠোর তপস্যার পর সিদ্ধার্থ গৌতম উপলব্ধি করেন, চরম ভোগবিলাস কিংবা কঠোর কৃচ্ছ্রসাধনা—কোনোটিই মুক্তির প্রকৃত পথ নয়। এ সময় সুজাতা তাঁকে শ্রদ্ধাভরে পায়েস দান করেন। তা গ্রহণের পর শারীরিক শক্তি ফিরে পেয়ে সিদ্ধার্থ মধ্যমপথ অনুসরণ করে বোধিবৃক্ষের নিচে ধ্যানে বসেন এবং পরবর্তী সময়ে বুদ্ধত্ব লাভ করেন।
নাটিকায় বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া এবং সুজাতা চরিত্রে মনিকা বড়ুয়া অভিনয় করেন। সুজাতার সহকারী পূর্ণা চরিত্রে সমৃদ্ধি বড়ুয়া দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া অভিনয় করেন পূর্ণিমা বড়ুয়া, রীতিশা বড়ুয়া, মেগান বড়ুয়া, নির্বানা বড়ুয়া, দৃষ্টি চৌধুরী, তানভিকা বড়ুয়া, সৃজয় বড়ুয়া, অরিদ্ধ বড়ুয়া ও সোহার্দ বড়ুয়া।
অঙ্গুলিমালের হিংসা থেকে অহিংসায় ফেরার গল্প
দ্বিতীয় নাটিকা 'অঙ্গুলিমাল' ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। বৌদ্ধ সাহিত্যের এই কাহিনিতে একজন নিষ্ঠুর দস্যুর জীবনে বুদ্ধের শিক্ষা ও করুণার প্রভাবে পরিবর্তনের গল্প তুলে ধরা হয়।
কাহিনি অনুযায়ী, অঙ্গুলিমালের প্রকৃত নাম ছিল অহিংসক। তিনি ছিলেন মেধাবী ও গুরুর প্রিয় ছাত্র। কিন্তু ষড়যন্ত্র ও গুরুর কুমন্ত্রণায় একসময় বিপথগামী হয়ে পড়েন। গুরুদক্ষিণা হিসেবে এক হাজার মানুষের আঙুল সংগ্রহ করতে গিয়ে তিনি ভয়ংকর দস্যুতে পরিণত হন। একপর্যায়ে নিজের মাকেও হত্যার উপক্রম হন তিনি।
এমন পরিস্থিতিতে বুদ্ধ তাঁর সামনে উপস্থিত হয়ে মৈত্রী, করুণা ও প্রজ্ঞার শিক্ষা দেন। বুদ্ধের উপদেশে অঙ্গুলিমালের হৃদয়ে পরিবর্তন আসে। তিনি হিংসার পথ ছেড়ে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন।
নাটিকাটির সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল অঙ্গুলিমাল ও তাঁর মায়ের মুখোমুখি হওয়ার মুহূর্ত। একদিকে সন্তানকে রক্ষায় মায়ের আকুলতা, অন্যদিকে গুরুর নির্দেশ পালন করতে গিয়ে মাকে হত্যার জন্য অঙ্গুলিমালের প্রস্তুতি—এ দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করে। অনেকের চোখেই পানি চলে আসে।
অঙ্গুলিমাল চরিত্রে শিলাময় বড়ুয়া (শিপন), বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া, পথিক চরিত্রে আনন্দ মোহন সিংহ এবং অঙ্গুলিমালের মা মন্দানী চরিত্রে শ্রেষ্টা বড়ুয়া অভিনয় করেন।
নাটিকাটির মধ্য দিয়ে তুলে ধরা হয় বৌদ্ধ ধর্মের অন্যতম মানবিক শিক্ষা ঘৃণা দিয়ে ঘৃণার অবসান হয় না; মৈত্রী ও ভালোবাসার মাধ্যমেই হিংসাকে জয় করা সম্ভব।
দর্শকদের প্রশংসা, নতুন উদ্যোগের প্রত্যাশা
নাটিকা দুটি মঞ্চায়নের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাওয়া যায়। ফ্রান্স থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের বলেন, নাটিকা দুটি দেখে তিনি সত্যিই অভিভূত। এ ধরনের ধর্মীয় নাটক নির্মাণ ও মঞ্চায়নে ফ্রান্সসহ অন্যান্য দেশের বৌদ্ধ সম্প্রদায়কেও উৎসাহিত করবেন বলে জানান তিনি।
ভদন্ত ধর্মানন্দ আনন্দ মহাথের বলেন, বিদেশের মাটিতে বাংলা ভাষায় বৌদ্ধ ধর্মীয় নাটিকা মঞ্চায়নের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য তিনি BBCUK ও কঠিন চীবর দান উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জানান।
জেতবন বিহার লন্ডনের অধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথের বলেন, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় নাটক, নাটিকা ও সিনেমা আরও বেশি নির্মাণ করা প্রয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম বৌদ্ধ ধর্মের সঠিক ইতিহাস ও নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে পারবে।
কেমব্রিজ থেকে আসা দর্শক সাজু বড়ুয়াও নাটিকা দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানান। বিশেষ করে অঙ্গুলিমাল ও তাঁর মায়ের দৃশ্য দেখে চোখে পানি চলে এসেছিল বলে উল্লেখ করেন তিনি।
নাটিকা দুটির পরিকল্পনা, চিত্রনাট্য, নির্দেশনা ও পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ বড়ুয়া। মঞ্চ পরিকল্পনা, সহকারী নির্দেশনা ও পরিচালনায় ছিলেন টিপলু বড়ুয়া। প্রধান মঞ্চসজ্জায় ছিলেন তুষার কান্তি বড়ুয়া।
প্রযোজনা করেছে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (BBCUK)। সার্বিক তত্ত্বাবধান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংগীতে ছিলেন বিপ্লব কিশোর বড়ুয়া। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মুনমুন বড়ুয়া ডানা ও সজীব চৌধুরী। তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া এবং ব্যাকস্ক্রিন সজ্জায় চম্পা বড়ুয়া।
এ ছাড়া মেকআপ, কস্টিউম ও কোরিওগ্রাফিতে দায়িত্ব পালন করেন অপর্ণা বড়ুয়া রিনি, সুপ্তা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, সোমা বড়ুয়া ও সুনয়না বড়ুয়া। মঞ্চের পর্দা নিয়ন্ত্রণে ছিলেন হিমাদ্রি বড়ুয়া ও রোহান কুশান বড়ুয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন BBCUK এবং বোধিজ্ঞান চিলড্রেন লন্ডনের সদস্যরা।
আয়োজকদের মতে, প্রবাসে বাংলা ভাষায় এ ধরনের ধর্মীয় নাট্যচর্চা বৌদ্ধ ধর্মের ইতিহাস ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বাঙালি বৌদ্ধদের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণেও ভূমিকা রাখবে।
জেতবন বিহার লন্ডনের কঠিন চীবর দান উৎসবের এই আয়োজন তাই শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; প্রবাসে বাংলা ভাষা, বৌদ্ধ সংস্কৃতি ও নাট্যচর্চার বিকাশে একটি নতুন সম্ভাবনারও জানান দিয়েছে।
Comments