জাপানের হানাবি উৎসব
জাপানের গ্রীষ্ম মানেই উৎসবের আমেজ। আর সেই আমেজকে আরও রঙিন করে তোলে ঐতিহ্যবাহী হানাবি উৎসব। জাপানি হানাবি শব্দের অর্থ আতসবাজি। এই আতসবাজি উৎসব জাপানের অন্যতম বড় উৎসব গুলোর একটা। যেখানে লক্ষ লক্ষ আতসবাজি ফুটানো হয় টানা ঘন্টার পর ঘন্টা। জাপানের বিভিন্ন শহরে একযুগে অনুষ্ঠিত হয় এই উৎসব। হাজার হাজার মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে উপভোগ করবেন চোখজুড়ানো আলোর ঝলকানি।
শত বছরের ঐতিহ্য বহন করে চলা হানাবি উৎসব জাপানি সংস্কৃতির অন্যতম আকর্ষণ। সন্ধ্যা নামতেই আকাশজুড়ে ফুটে ওঠে নানান রঙের আতশবাজি, যা মুহূর্তেই মুগ্ধ করে লাখো দর্শককে।
অনেকেই এদিন ঐতিহ্যবাহী ইউকাতা পরে উৎসবে অংশ নেন। উৎসবস্থলে থাকে বিভিন্ন ধরনের জাপানি স্ট্রিট ফুড, খেলনা ও সাংস্কৃতিক পরিবেশনা। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর এটি একটি বিশেষ উপলক্ষ।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখে স্থানীয় প্রশাসন। উৎসবস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সুবিধার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই হানাবি উৎসব শুধু জাপানিদের নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু।
জাপানের গ্রীষ্মকালীন সংস্কৃতির অন্যতম এই আয়োজন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো জাপান জুড়ে।
Comments