‘আপনার প্রাপ্য বিদায়টা দিতে পারলাম না’: দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা
বিদায়টা যেমন হওয়ার কথা ছিল, তেমনটা হলো না। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। ফরাসি ফুটবলের অন্যতম সফল রূপকার ও বিদায়ী কোচ দিদিয়ের দেশমের শেষ দিনটি জয়ে রাঙাতে না পারার আক্ষেপ ও ক্ষোভ এখন পুড়াবে কিলিয়ান এমবাপ্পেদের।
১৪ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের ইতি টানা এই গুরুকে মাঠ থেকে জয় দিয়ে বিদায় দিতে না পারার দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এমবাপ্পে লিখেছেন: 'আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে ছিলেন। আপনি আমাদের এত কিছু দিয়েছেন, কিন্তু আপনার প্রাপ্য বিদায়টা আমরা দিতে পারলাম না। আমরা ব্যর্থ হয়েছি।'
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দেশম ফরাসি ফুটবলকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তাঁর অধীনেই ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং ২০২২ সালেও তারা ফাইনাল খেলে। তবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চতুর্থ হয়ে শেষ হয় দেশমের এই দীর্ঘ পথচলা।
দেশমের অবদান স্মরণ করে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৬৪ গোল) এমবাপ্পে বলেন, '১৪ বছরে আপনি এই দলকে যা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ফরাসি ফুটবলের পুনর্জাগরণে আপনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। অনেকেই হয়তো আপনার মহত্ত্বের যথাযথ মূল্যায়ন করেননি। তবে সময় এবং ইতিহাস অবশ্যই সেটির বিচার করবে।'
দিদিয়ের দেশম ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দেন। কোচ হিসেবে ২০১৮ সালে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেন।
কোচের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে এমবাপ্পে আরও যোগ করেন, 'আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমরা একসঙ্গে যে স্মৃতি ও সাফল্য ভাগ করে নিয়েছি, সেগুলোই আজীবন মনে রাখব। আপনার নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।'
দিদিয়ের দেশমের এই বর্ণাঢ্য অধ্যায় শেষ হওয়ার পর ফ্রান্স ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আরেক কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানের হাত ধরে।
Comments