দেশম অধ্যায়ের সমাপ্তি, জিদান যুগের অপেক্ষায় ফ্রান্স
২০২৬ বিশ্বকাপের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, টুর্নামেন্ট শেষেই ফরাসি ডাগআউটকে বিদায় জানাবেন। ঘোষণা অনুযায়ী, মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিই ছিল ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। তবে বিদায়বেলাটা জয়ে রাঙাতে চেয়েছিলেন তিনি, কিন্তু ফুটবল বিধাতা অন্য কিছু লিখে রেখেছিলেন। ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।
এই হারের মধ্য দিয়ে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে দেশমের দীর্ঘ ১৪ বছরের গৌরবোজ্জ্বল সম্পর্কের অবসান ঘটল। ম্যাচ শেষে বিদায়ের আবেগে আর চোখের পানি ধরে রাখতে পারেননি ৫৭ বছর বয়সী এই কিংবদন্তি কোচ।
বিদায়বেলায় দেশমকে আন্তরিক ধন্যবাদ ও সম্মান জানাতে ভুল করেনি ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার অবদানের কথা স্মরণ করে বলা হয়: '২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অসাধারণ সব সাফল্যের জন্য দিদিয়ের দেশমকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ১৪ বছর ধরে তাঁর দূরদর্শী নেতৃত্বে বিশ্বমঞ্চে ফ্রান্স তার হারানো মর্যাদা, সম্মান এবং কোটি ভক্তের ভালোবাসা ফিরে পেয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালের নেশনস লিগ জয় এবং বেশ কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার মাধ্যমে তিনি ধারাবাহিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। ফরাসি ফুটবল ফেডারেশন তাঁর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে। ধন্যবাদ, দিদিয়ে!'
কোচ হিসেবে ফ্রান্সের ডাগআউটে অনন্য এক রেকর্ড গড়েছেন দেশম। মোট ম্যাচ: ১৮৭টি, জয়: ১২২টি, পরাজয়: ৩৩টি, ড্র: ৩২টি।
কোচ হিসেবে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর আগে, ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবেও ফরাসিদের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি।
দেশমের বিদায়ের মাধ্যমে ফরাসি ফুটবলে একটি সোনালি অধ্যায়ের অবসান হলো। তবে ফ্রান্স ফুটবল ফেডারেশন বেশি সময় নষ্ট করছে না। দেশমের যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশটির আরেক কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিনেদিন জিদানকে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফরাসি ফুটবলের নতুন মহাগুরু হিসেবে জিদানের নাম ঘোষণা করা হবে। ফুটবল বিশ্ব এখন ফ্রান্সের ডাগআউটে 'জিদান যুগ' দেখার অপেক্ষায়।
Comments