ফ্রান্স নাকি মরক্কো, কার জয় দেখছে সুপারকম্পিউটার?
বিশ্বকাপের ৪৮ দলের রোমাঞ্চকর লড়াই শেষে টুর্নামেন্টে এখন টিকে আছে মাত্র ৮টি দল। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে সেমিফাইনালে ওঠার 'বাঁচা-মরার' লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার অন্যতম পরাশক্তি মরক্কো। হারলেই বিশ্বকাপ মিশন শেষ, এমন সমীকরণের ম্যাচে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
কাগজে-কলমে ও অতীত ইতিহাসের বিচারে মরক্কোর চেয়ে ফ্রান্স কিছুটা এগিয়ে থাকলেও, ম্যাচটি নিয়ে কাটাছেঁড়া করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিসংখ্যানভিত্তিক বিখ্যাত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা'র সুপারকম্পিউটার এই ম্যাচে ফ্রান্সকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখছে।
ম্যাচের আগে প্রায় ২৫ হাজারবার সিমুলেশন (ডিজিটাল পরীক্ষা) চালিয়ে অপটার সুপারকম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের সরাসরি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, যা প্রায় ৬১.৭ শতাংশ। বিপরীতে মরক্কোর সরাসরি জয়ের সম্ভাবনা মাত্র ১৬.২ শতাংশ। তবে ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ।
ইতিহাস এবং সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে ফরাসিদের পক্ষে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুই দল মোট ৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৪টি ম্যাচে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনো ফরাসিদের বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি।
বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র একবারই দেখা হয়েছিল এই দুই দলের। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।
পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে থাকলেও ফুটবলপ্রেমীরা জানেন, কাগজে-কলমের হিসাব মাঠে সব সময় মেলে না। চলমান বিশ্বকাপে ইতিমধ্যেই বেশ কিছু বড় অঘটনের সাক্ষী হয়েছে বিশ্ব। তা ছাড়া, আসরের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে 'অ্যাটলাস লায়ন্স' খ্যাত মরক্কো।
কাতারের সেই সেমিফাইনালের হার ভুলে এবার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে মরক্কো। অন্যদিকে, নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবে ফরাসিরা। বোস্টনের মাঠে ফরাসিদের অভিজ্ঞতা আর মরক্কোর আকাশচুম্বী আত্মবিশ্বাসের মধ্যে আরেকটি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
Comments