বাণিজ্যিক স্বার্থে মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা- মিসর কোচের বিস্ফোরক অভিযোগ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিসরকে। তবে মাঠের রোমাঞ্চকর লড়াইকেও ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে বড় আলোচনা তৈরি করেছে মিসরের প্রধান কোচ হোসাম হাসানের এক বিস্ফোরক মন্তব্য। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি সরাসরি অভিযোগ তুলেছেন—বাণিজ্যিক স্বার্থের কথা মাথায় রেখে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখার চেষ্টা করছে ফিফা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হোসাম হাসান বলেন, 'আমাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, যার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। এটি কোনোভাবেই ন্যায্য সিদ্ধান্ত ছিল না। পুরো পরিস্থিতি দেখে আমার পরিষ্কার মনে হয়েছে, লিওনেল মেসিকে যেকোনো মূল্যে এই টুর্নামেন্টে ধরে রাখার একটি প্রচ্ছন্ন ইচ্ছা কাজ করছে। কারণ এর সঙ্গে বিশাল বাণিজ্যিক ও বিপণন (মার্কেটিং) স্বার্থ জড়িত।'
আর্জেন্টিনার চেয়ে মিসরই ম্যাচে ভালো খেলেছে দাবি করে তিনি আরও বলেন, 'আজ আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের অন্যায়ের শিকার হতে হলো। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, আর মেসি টুর্নামেন্টে থাকলে স্পন্সর ও বিপণনের জন্য সেটি বেশি লাভজনক। আজ রেফারি মিসরের প্রতি প্রকাশ্য অবিচার করেছেন। এখানে কোনো 'স্পোর্টিং জাস্টিস' বা ক্রীড়াসুলভ ন্যায়বিচার ছিল না।"
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি আফ্রিকান পরাশক্তি মিসরের নিয়ন্ত্রণে। ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে ১-০ তে এগিয়ে যায় মিসর।
৬৭ মিনিটে মোস্তফা জিকোর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে তারা।
তবে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পাশা উল্টে যায়। শেষ ১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর যোগ করা সময়ে (ইঞ্জুরি টাইম) এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। মিসর শিবিরের দাবি, আর্জেন্টিনার এই প্রত্যাবর্তনের পেছনে রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্তই মূল ভূমিকা রেখেছে।
বিশ্বকাপ থেকে এমন বিদায়ের পর আবেগঘন কণ্ঠে মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কোচ হোসাম হাসান। তিনি বলেন, "আমি মিসর এবং সমগ্র আরব বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা সবাইকে আনন্দ দিতে চেয়েছিলাম। আমার খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে, তাদের নিয়ে আমি গর্বিত। আমাদের স্বপ্ন এখানেই শেষ নয়, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। আলহামদুলিল্লাহ।"
Comments