আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি,তাই পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি: রোনালদো
অধরা বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হলো না আর। স্পেনের কাছে শেষ মুহূর্তের স্তব্ধতায় পর্তুগালের বিদায়ের সাথে সাথে শেষ হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ও। তবে বিদায়বেলায় কোনো আক্ষেপ নেই ৪১ বছর বয়সী এই মহাতারকার। নিজের সবটুকু উজাড় করে দিয়ে পরিষ্কার বিবেক নিয়ে মাঠ ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ মিশন শেষ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনই হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন সিআরসেভেন।
সোমবার ডালাসে বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনালদো বলেন, "ম্যাচটি যেকোনো দিকেই মোড় নিতে পারত। স্পেনের ভাগ্য খানিকটা সহায় ছিল, যার কারণে বদলি নামা মেরিনো একদম শেষ মুহূর্তে গোলটি করতে পেরেছে।"
বিশ্বকাপ থেকে এমন বিদায় দুঃখজনক উল্লেখ করে পর্তুগিজ অধিনায়ক বলেন, "আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, তাই পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার বিষয়ে আমি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেব না। এখন শান্ত হয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পালা।"
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে নিজের গৌরবময় অবদানের কথা স্মরণ করে আল-নাসর ফরোয়ার্ড বলেন, "রোনালদোর আগে পর্তুগাল কোনো শিরোপা জেতেনি। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা (ইউরো ২০১৬, নেশনস লিগ ২০১৯ ও ২০২৫) জিতেছি। এর মধ্যে ২০১৬ সালের ইউরো জয় আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।"
বিদায়ী কোচ রবার্তো মার্তিনেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোনালদো বলেন, "তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। একজন চমৎকার মানুষ হিসেবে তিনি পর্তুগালের জন্য যা করেছেন, তা প্রশংসার দাবিদার।" টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া হতাশাজনক হলেও, দল ভালো খেলেছে এবং তারা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলে মন্তব্য করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিল পর্তুগাল। ম্যাচের একদম শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে কপাল পোড়ে পর্তুগিজদের। এই হারের পর সিআরসেভেনের বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি ঘটলেও আন্তর্জাতিক ফুটবলকে এখনই বিদায় বলছেন না তিনি।
Comments