প্রিয় মেসিকে চিঠি লিখে বিশ্বকাপ গ্যালারিতে আট বছরের মানু
বুকের ভেতর এক আকাশ স্বপ্ন আর চোখে একরাশ বিস্ময় নিয়ে ঘুমোতে যায় আট বছরের খুদে ফুটবলার মানু লিতভি। আর্জেন্টিনার ক্লাব 'আর্জেন্টিনোস জুনিয়র্স'-এর হয়ে বুট পায়ে যখন সে মাঠে নামে, তার ছোট্ট পায়ে তখন ভর করে লিওনেল মেসির জাদুকরি ড্রিবলিংয়ের স্বপ্ন। গত ২৪ জুন, প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিনে মনের সবটুকু আবেগ ঢেলে একটি চিঠি লিখেছিল মানু। সে হয়তো ভাবতেও পারেনি, তার সেই সহজ-সরল অক্ষরের চিঠিটাই একদিন তাকে পৌঁছে দেবে স্বপ্নের বিশ্বকাপের গ্যালারিতে!
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা সেই চিঠির সূত্র ধরেই এবার অলৌকিক এক সত্যি ধরা দিল মানুর জীবনে। মেসির স্পনসর ও আর্জেন্টিনার একটি নামী ব্র্যান্ডের যৌথ উদ্যোগে মানু ও তার পুরো পরিবার এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে, সরাসরি গ্যালারিতে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ দেখার রাজকীয় আমন্ত্রণ পেয়েছে সে।
ঘটনাটির শুরু আর্জেন্টিনার জনপ্রিয় লাইভ স্ট্রিমিং চ্যানেল 'ওলগা'-র একটি অনুষ্ঠানে। সেখানে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় নিজের লেখা চিঠিটি পড়ে শোনায় মানু। সেই চিঠিতে কেবল মেসির পায়ের জাদু নয়, ফুটে উঠেছে এই খুদে ভক্তের চোখে মেসির এক মানবিক রূপ।
"প্রিয় লিও, জানি আজ তোমার জন্মদিন। আশা করি এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে। আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম, তুমি আমার কাছে ঠিক কতখানি। যখন তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা পুরোপুরি এক জাদুকরি ব্যাপার! তবে তোমার খেলার চেয়েও তোমার মানুষ রূপটা আমাকে বেশি টানে। তুমি যেভাবে সব সময় সতীর্থদের পাশে দাঁড়াও, কঠিন সময়েও হাল ছেড়ে দাও না, সেটা আমাকে মুগ্ধ করে।"
অনুষ্ঠানের মাঝেই মানুর জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বড় চমক। লাইভ শো-এর উপস্থাপক পলা চাভেস মানুর হাতে একটি নতুন চিঠি তুলে দেন। তবে এবার চিঠিটি মেসির স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হয়েছিল মানুর উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল:
"আজ থেকে তুমি আর একা একা স্বপ্ন দেখবে না। তোমার এই সুন্দর গল্পের পরের অধ্যায়টি লিখতে আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমাদের পুরো দলের পক্ষ থেকে তোমাকে ও তোমার পরিবারকে যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তুমি তোমার জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি গ্যালারিতে বসে দেখার অভিজ্ঞতা লাভ করতে পারো।"
চিঠিটা পড়ার সময় স্টুডিওতে তৈরি হয় এক পরম আবেগঘন পরিবেশ। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনার 'শেষ ৩২' দলের রাউন্ডের ম্যাচটিতে গ্যালারি মাতাবে এই খুদে ভক্ত।
পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা মানু প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রার্থনা করে। তার সেই প্রার্থনার চাদরজুড়ে জড়িয়ে থাকেন কেবলই মেসি। মানু বলে—"আমি যখনই আমার বড় ফুটবলার হওয়ার স্বপ্নের কথা ভাবি, তখনই চোখের সামনে তোমার ছবি ভেসে ওঠে। কারণ, তুমিই তো আমাদের শিখিয়েছ যে স্বপ্ন যত কঠিন বা অসম্ভবই হোক না কেন, তা সত্যি করা সম্ভব।"
একটি শিশুর নিখাদ ভালোবাসা আর নিষ্ঠা কীভাবে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে এক অসম্ভবকে সম্ভব করতে পারে, মানুর এই গল্প যেন তারই এক জীবন্ত দলিল।
Comments