ছেলের খেলা দেখতে আমেরিকায় আসছেন ভোজিনহার মা!
চলমান ফুটবল বিশ্বকাপে এবার মাঠের ফুটবলের পাশাপাশি এক দারুণ মানবিক ও আবেগঘন গল্পের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। প্রথম ম্যাচেই অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ভোজিনহার এক আজন্ম স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শক্তিশালী স্পেনের বিপক্ষে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই তারকার দুঃখ ছিল—গ্যালারিতে বসে তাঁর এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে পারেননি তাঁর মা। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে।
যুক্তরাষ্ট্রের হাউজের মাইনরিটি লিডার হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকার ভিসা পেয়েছেন। আগামী রবিবার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই মায়ামিতে ছেলের সঙ্গে তাঁর পুনর্মিলন হতে যাচ্ছে।
বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট স্পেনের বিপক্ষে যখন পুঁচকে কেপ ভার্দে মাঠে নেমেছিল, ফুটবল বিশ্লেষকরা ভেবেছিলেন গোলবন্যায় ভাসবে দলটি। কিন্তু সবাইকে চমকে দিয়ে স্প্যানিশ আক্রমণভাগকে একাই স্তব্ধ করে দেন ভোজিনহা। ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার ভিসার বন্ড পেমেন্টের বিপুল খরচের কারণে তাঁর মা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি।
ভোজিনহার মায়ের এই আর্থিক সংকটের খবরটি নজরে আসার পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ভোজিনহার মায়ের মানবিক ভিসার জন্য জরুরি সুপারিশ করেন।
সেই অনুরোধে দ্রুত সাড়া দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বিশেষ বিবেচনায় ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই তাঁকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্বও নিয়েছে মার্কিন প্রশাসন।
আগামী রবিবার গ্রুপ 'এইচ'-এর হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনকে আটকে দেওয়ার পর এবার সামনে আরও এক পরাশক্তি। তবে এবার আর ভোজিনহা একা নন, গ্যালারিতে থাকছেন তাঁর মায়ের আশীর্বাদী হাত আর অনুপ্রেরণা। মায়ের উপস্থিতিতে মায়ামির মাঠে ভোজিনহা আরও এক রূপকথা লিখতে পারেন কি না, তা দেখতে এখন মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।
Comments