নেইমারকে নিয়ে দুঃসংবাদ: চোটের কারনে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন
রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের বিশ্বকাপ যাত্রা শুরুতেই হোঁচট খেয়েছে। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। ইনজুরির কারণে সেই ম্যাচে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে থাকতে হয়েছিল সাইড বেঞ্চে। ফুটবল ভক্তরা আশা করেছিলেন, চোট কাটিয়ে হাইতির বিপক্ষে পরের ম্যাচেই মাঠে ফিরবেন তিনি। কিন্তু এবার ব্রাজিল শিবির থেকে এলো আরও বড় ও শঙ্কার দুঃসংবাদ।
শুধু হাইতি ম্যাচই নয়, ইনজুরির জটিলতায় চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো ম্যাচেই আর মাঠে নামতে পারবেন না নেইমার। ২০ ও ২৫ জুন ব্রাজিলের গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যম 'ও গ্লোবো'র বরাত দিয়ে জানা গেছে, নেইমার তার কাফ বা পায়ের পেছনের পেশির ইনজুরির বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য সম্প্রতি একটি নতুন ইমেজিং টেস্ট করিয়েছেন। পরীক্ষার ফলাফল চিকিৎসকদের ভাষায় 'সন্তোষজনক' হলেও ব্রাজিলের মেডিকেল স্টাফরা তাকে এখনই মাঠে নামার সবুজ সংকেত দেননি। চিকিৎসকেরা কোনোভাবেই এই মেগা ইভেন্টে তার ইনজুরি নতুন করে বাড়িয়ে তোলার ঝুঁকি নিতে চাচ্ছেন না।
নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মেডিকেল বিভাগের কঠোর তত্ত্বাবধানে আছেন এবং জিমনেশিয়ামে অতিরিক্ত ওজন প্রশিক্ষণ করছেন। তবে তিনি এখনো মাঠে বল পায়ে কোনো অনুশীলন শুরু করতে পারেননি এবং সতীর্থদের সঙ্গে মূল দলেও যোগ দেননি।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোট ও ফিটনেস সমস্যার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপকে সামনে রেখে গত ২৭ মে থেকে রিও ডি জেনিরোতে ব্রাজিলের দলগত অনুশীলন শুরু হলেও নেইমার মাঠের বাইরেই রয়ে গেছেন।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি মূলত পায়ের পেশি আংশিক ছিঁড়ে যাওয়ার মতো একটি মাঝারি মাত্রার চোট। ফলে গ্রুপ পর্বে তাকে সম্পূর্ণ বিশ্রামে রেখে নকআউট পর্বের জন্য ফিট করে তোলাই এখন ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। কিন্তু নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণভাগ গ্রুপ পর্বের বৈতরণী কতটা সহজে পার করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
Comments