আজ মিমির বিয়ে, কোথায় বসছে আসর?
বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কবে বিয়ে করছেন, সেই বিষয়ে অভিনেত্রী নিজে এখনও মুখ না খুললেও তাঁর অনুরাগীদের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বিয়ের কেনাকাটা, পোশাক ও গয়না পছন্দ করার বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রের দাবি, আজ (২৬ নভেম্বর) কলকাতায় আইনি বিয়ে ও আংটি বদলের আয়োজন হতে পারে। অভিনেত্রীর নিজের বাড়িতেই ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ের মনোরম পাহাড়ি পরিবেশে সামাজিক বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়িতে মিমির মামারবাড়ির এলাকাতেও বিয়েকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে বলে খবর। এই অনুষ্ঠানে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি টালিউডের পরিচিত মুখদেরও দেখা যেতে পারে। কলকাতায় ফিরে অতিথিদের জন্য আলাদা করে রিসেপশনের আয়োজন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।
সূত্রের খবর থেকে জানা যায়, ইতিমধ্যেই টালিউডের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছেছে। কার্ডটির বিশেষ আকর্ষণ হিসেবে উঠে এসেছে মিমির প্রিয় পোষ্যদের ছবি।
প্রচলিত খবর অনুযায়ী, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা বলে জানা যাচ্ছে।
তবে বিয়ে কিংবা বিয়ের তারিখ নিয়ে মিমি চক্রবর্তী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে অভিনেত্রীর বিয়ের খবর নিয়ে জল্পনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।
Comments