শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান
ছোট পর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুটিংয়ের উদ্দেশ্যে সোহেল খান বর্তমানে বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে এমডি ইকবাল জানান, সকালে অন্য সবার মতোই ঘুম থেকে উঠে নাশতা সেরেছিলেন সোহেল খান। এরপর নিজের কক্ষে বিশ্রাম নেন এবং শুটিংয়ের জন্য মেকআপ নিয়েও তৈরি হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর শুটিংয়ের জন্য ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য তাকে হোটেলের কক্ষে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিনেতা সোহেল খানের আকস্মিক প্রয়াণে দেশের শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Comments