আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি (পরীমনি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের পক্ষ থেকে সময়ের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আইনজীবীর পক্ষ থেকে আদালতকে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি। আবেদনে উল্লেখ করা হয় যে, সময় মঞ্জুর না হলে আসামির অপূরণীয় ক্ষতি হতে পারে।
অন্যদিকে, মামলার বাদী নির্ধারিত দিনে আদালতে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া মেনে আজ পরীমনি আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
Comments