আবারও বড় পর্দায় চঞ্চল-তুষি সঙ্গে সিয়াম
'হাওয়া' ও 'প্রেশার কুকার'-এর পর নতুন সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। 'আবার দেখা হলো' শিরোনামের এই সিনেমায় তাঁদের সঙ্গে থাকছেন অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটি পরিচালনা করবেন শঙ্খ দাশগুপ্ত।
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি সিয়াম আহমেদকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ফ্রেম পার সেকেন্ডের প্রযোজনায় নির্মিতব্য ছবিটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া আরও কয়েকজন তারকার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁদের নাম ও চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে নতুন কাজ প্রসঙ্গে নাজিফা তুষি জানিয়েছেন, কয়েকজন নির্মাতার সঙ্গে তাঁর নতুন কাজ নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো প্রকল্প চূড়ান্ত হয়নি বলে জানান এই অভিনেত্রী।
Comments