চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ
সিনেমার শুটিং ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। এর মধ্যেই তার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে 'ঠিকানা' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। এ ঘটনায় আর্থিক ক্ষতির দাবি করে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও প্রযোজক শাহরিন আক্তার।
গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে রাজকে লিখিত জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, 'ঠিকানা' সিনেমাকে কেন্দ্র করে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি বা একচেটিয়া কাজের শর্ত মানেননি শরিফুল রাজ। প্রযোজকের দাবি, চুক্তির শর্ত অমান্য করায় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে 'ঠিকানা' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ। এ জন্য তিনি অগ্রিম পারিশ্রমিকও গ্রহণ করেন। চুক্তিতে শর্ত ছিল, একই ঈদে অন্য কোনো সিনেমায় তার অভিনীত কাজ মুক্তি পাবে না। কিন্তু পরবর্তী সময়ে 'কানাভুলা প্যারাডক্স' সিনেমায় যুক্ত হন এই অভিনেতা। ওই সিনেমাটিও ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনায় রয়েছে বলে অভিযোগ প্রযোজনা প্রতিষ্ঠানের।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রাজের কাছ থেকে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রযোজক শাহরিন আক্তার সুমি এর আগে শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমা প্রযোজনা করেছেন। পরবর্তী সময়ে তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত 'রাক্ষস'। এ ছাড়া তার প্রযোজিত 'বিদায়' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি শাকিব খানকে নিয়ে 'নিঃস্ব' নামে আরও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রযোজকের।
Comments