দীর্ঘ ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস অভিনয় থেকে বিরতিতে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসা শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। 'অংশীদার' নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। সম্প্রতি নাটকের শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নির্মাতা। সেখানে তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, 'ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি'। নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
'অংশীদার' নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ চিকিৎসা ও অভিনয় থেকে বিরতির পর তানিয়া বৃষ্টির শুটিংয়ে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। নতুন নাটকের মধ্য দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।
Comments