সৈয়দ শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ সিনেমায় শরিফুল রাজ
'আইসক্রিম' দিয়ে ক্যারিয়ার শুরু। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তাই বর্তমান সময়ে নির্মাতাদের একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে শরিফুল রাজ। চলতি বছরেই বেশ আলোড়ন সৃষ্টি করেছেন তানিম নূর পরিচালিত ও শরিফুল রাজ অভিনীত সিনেমা 'বনলতা এক্সপ্রেস'।
এর মধ্যেই সৈয়দ শাকিল নির্মিত সিনেমায় যুক্ত হয়েছেন শরিফুল রাজ। এর আগে এই নির্মাতা 'ছায়াবাজি' ও 'ইউএনও স্যার' নামে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন। তবে এবার প্রথমবারের মত বানাতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ সিনেমা। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন এই সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন নির্মাতা। সে ছবি দিয়ে সিনেমার ঘোষণাও দিলেন। সিনেমা ও অন্য শিল্পীদের নাম আপাতত প্রকাশ করা হয়নি। খুব শীগ্রই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা সৈয়দ শাকিল জানান, এমন একটি গল্প তিনি বড় পর্দায় তুলে ধরবেন, যেটা মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারবে। শাকিল বলেন, 'একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।'
এই ডিসেম্বর কিংবা নতুন বছরের জানুয়ারিতে শুটিংয়ের পরিকল্পনা সাজাচ্ছেন তারা। সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জানান সৈয়দ শাকিল।
Comments