‘প্রেমে পড়া বারণ’ জয়ার রহস্যময় বার্তা ঘিরে কৌতূহল
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি আর কাব্যিক বার্তা দিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার 'প্রেমে পড়া বারণ' লিখে নতুন করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে জয়া লিখেছেন, 'প্রেমে পড়া বারণ'। আর এই ছোট্ট বাক্য ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। হঠাৎ প্রেমে পড়তে বারণ কেন? নিছকই কি কাব্যিক অভিব্যক্তি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভাবনা?
ছবিতে জয়ার উপস্থিতি আর ক্যাপশনের ব্যতিক্রমী শব্দচয়ন নজর কেড়েছে অনুরাগীদের। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করছেন, কেউ আবার মন্তব্যের ঘরে মজার ছলে ভালোবাসার কথা তুলে ধরছেন। তবে এই বার্তার পেছনে কোনো বিশেষ ঘটনা বা ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত রয়েছে কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
এর আগেও প্রেম নিয়ে কাব্যিক পঙ্ক্তি প্রকাশ করে আলোচনায় এসেছেন জয়া। অভিনয়ের পাশাপাশি তাঁর এমন শৈল্পিক প্রকাশ ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
তবে 'প্রেমে পড়া বারণ' এই কথার আড়ালে কী ভাবনা রয়েছে, তার উত্তর আপাতত জয়ার কাছেই। রহস্য রেখেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিলেন দুই বাংলার এই অভিনেত্রী।
Comments