নিজের জন্মদিনে যা বললেন শাওন
নিজের জন্মদিনে জীবনের নানা স্মৃতি, সংগ্রাম ও নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছেন অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। জন্মস্থান চট্টগ্রাম হলেও তাঁর সব সনদে জন্মস্থান হিসেবে রয়েছে জামালপুরের নাম। বাবার নিজ এলাকার প্রতি পক্ষপাতের কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাওন শৈশব, পরিবার, পড়াশোনা, ব্যক্তিজীবনের নানা ঘটনা এবং কঠিন সময় পেরিয়ে নিজের নতুন করে গড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন।
পোস্টে শাওন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দা নুরজাহান ভূঁইয়ার হাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর জন্ম হয়। মা-বাবার কাছ থেকে শোনা সেই সময়ের গল্পও তুলে ধরেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৮ ঘণ্টা প্রসববেদনার পর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর জন্ম হয়। জন্মের সময় চিকিৎসক মজা করে বলেছিলেন, মেয়েটি বড় হয়ে অলস হবে।
বাবার জীবনের শুরুর দিকের ব্যবসায়িক সাফল্যের গল্পও স্মরণ করেছেন শাওন। তিনি জানান, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সময় তাঁর জন্মের পরপরই বাবা একটি বড় অঙ্কের বিল পাওয়ার খবর পেয়েছিলেন। সেই ঘটনাকে বাবা তাঁর ব্যবসায়িক সাফল্যের শুরুর স্মৃতি হিসেবে বর্ণনা করতেন।
শৈশবে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও পরে ভিকারুননিসা নূন স্কুলে পড়াশোনা করেন শাওন। এরপর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, নাটক ও চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে সংসার, দুই সন্তানের মা হওয়া এবং জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে গেছেন।
Comments