সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট উপস্থাপন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। জামিন শুনানি শেষে সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতের সামনে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট দেখিয়ে সালমান শাহর ভাই শাহরানকে প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।
ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম ও তারিকুল ইসলাম জুয়েল জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীর বিরোধিতার মুখে বিচারক তা খারিজ করে দেন। আসামিপক্ষ দাবি করেছিল ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আদালত চত্বরে বাদী আলমগীর কুমকুম সাংবাদিকদের জানান, 'মামুন' নামের এক সালমান ভক্তের ফেসবুক লাইভ চলাকালীন 'সাকিল কিবরিয়া' নামের একটি আইডি থেকে কমেন্ট করে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়।
স্ক্রিনশট অনুযায়ী কমেন্টে লেখা ছিল, 'মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।' পরবর্তীতে স্ক্রিনশট নেওয়ার পরপরই কমেন্টটি ডিলিট করা হয়।
সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা থাকায় এই হুমকির ঘটনায়ও রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান বাদী।
আদালতে উপস্থিত থাকা সালমান ভক্ত মামুন জানান, ভক্তদের নিয়ে একটি মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুক লাইভ করার সময় ওই হুমকি দেওয়া হয়। ডনকে গ্রেপ্তারের পর এমন হুমকির মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মামলার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভক্তরা।
উল্লেখ্য, দীর্ঘ আইনি লড়াই ও গত বছর নতুন করে করা মামলার পর সম্প্রতি ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডির হেফাজতে নেওয়া হয় আশরাফুল হক ডনকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
Comments