স্ত্রীর মৃত্যুর ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া)। আত্মসমর্পণ করে তিনি আদালতে জামিনের আবেদন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ সংক্রান্ত জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন তাঁর পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা মিলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইকরার মৃত্যুর পর ওই দিন রাতেই পল্লবী থানায় অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন ইকরার বাবা কবির হায়াত খান। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং আলভীর বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে অভিনেতা জাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।
উল্লেখ্য, এই একই মামলায় এজাহারভুক্ত আসামি ও জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত শুনানি শেষে সে সময় তাঁর জামিন মঞ্জুর করেন। আজ আলভীর জামিন আবেদনের ওপর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
Comments