সাগরের অতন্দ্র প্রহরী ‘কাছিমের বাপ’: আব্দুল লতিফের অবিশ্বাস্য এক জীবন
কক্সবাজারের পেঁচারদ্বীপ সৈকত। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন এক প্রবীণ টর্চলাইট হাতে বেলাভূমিতে নিঃশব্দে হেঁটে চলেন। তিনি আব্দুল লতিফ, কিন্তু স্থানীয়দের কাছে তার পরিচয় 'কাছিমের বাপ' হিসেবে। বিগত ২৪ বছর ধরে রাতের ঘুম বাদ দিয়ে রক্ষা করে যাচ্ছেন বিপন্ন সামুদ্রিক কচ্ছপদের।
তার কাজের ধরনটা বেশ অদ্ভুত কিন্তু মমতায় ঘেরা। বালুর ওপর কচ্ছপের পায়ের ছাপ দেখে তিনি বুঝতে পারেন ঠিক কোথায় ডিম পাড়া হয়েছে। গভীর যত্ন আর নিপুণ কৌশলে সেই ডিমগুলো সংগ্রহ করে তিনি নিয়ে আসেন হ্যাচারিতে। কারণ, খোলা সৈকতে মানুষের পা বা শেয়াল-কুকুরের থাবায় এই ডিমগুলো নষ্ট হওয়ার ঝুঁকি থাকে শতভাগ। সেখানে দুই থেকে আড়াই মাস নিবিড় পর্যবেক্ষণে রাখার পর যখন একেকটি ডিম ফেটে ছোট ছোট প্রাণের স্পন্দন বেরিয়ে আসে, আব্দুল লতিফের মুখে তখন ফুটে ওঠে এক চিলতে তৃপ্তির হাসি।
গত দুই দশকে তিনি এভাবেই প্রায় ৫০ হাজারেরও বেশি কচ্ছপকে নতুন জীবন দিয়ে সমুদ্রে অবমুক্ত করেছেন। কেন তিনি এই হাড়ভাঙা পরিশ্রম করেন? লতিফের ভাষায়, কচ্ছপ হলো সমুদ্রের ঝাড়ুদার। এরা বর্জ্য খেয়ে সাগর পরিষ্কার রাখে। কচ্ছপ না থাকলে মাছ থাকবে না, আর মাছ না থাকলে জেলেরা বাঁচবে না। তার কাছে এই প্রতিটি কচ্ছপের বাচ্চা নিজের সন্তানের মতো। কোনো প্রতিদান ছাড়াই তিনি হয়ে উঠেছেন বঙ্গোপসাগরের এক অতন্দ্র প্রহরী।
আব্দুল লতিফের মতো এমন হাজারো অজানা এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে যাত্রা শুরু করেছে ভিন্নধর্মী ট্র্যাভেল ডকুমেন্টারি সিরিজ 'রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প'। এই সিরিজের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ৬৪ জেলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, বিচিত্র পেশা এবং শেকড় সংলগ্ন মানুষের জীবনযাপনকে বিশ্বদরবারে তুলে ধরা।
সম্প্রতি রাজধানীর এক অভিজাত ক্যাফেতে হবিগঞ্জের চণ্ডীগড় চা বাগানের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে এই সিরিজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে মোহসীন-উল-হাকিম, পর্যটক সহোদর অণু ও অপু তারেক এবং শতাধিক ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। নির্মাতা মোহাম্মদ আলীর পরিচালনায় এই সিরিজটি আমাদের চিরচেনা বাংলাদেশকে এক নতুন লেন্সে দেখার সুযোগ করে দেবে।
অনুষ্ঠানে গানচিলের ফাউন্ডার আসিফ ইকবাল বলেন, 'আমরা পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু রেখে যেতে চাই, যাতে তারা বাংলাদেশকে দেখার একটি অনন্য চোখ ও হৃদয় পায়।' আর এই যাত্রার প্রথম মাইলফলক হিসেবে 'কাছিমের বাপ' আব্দুল লতিফের গল্পটি দর্শকদের মনে করিয়ে দেয় যে, পৃথিবীর প্রতি ভালোবাসা থাকলে একজন সাধারণ মানুষও হতে পারেন অসাধারণ।
Comments