বাবার আর্থিক লেনদেনের দায় আমার নয়: পূজা চেরি
চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের গ্রেফতারের ঘটনায় মুখ খুলেছেন অভিনেত্রী। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। পূজা স্পষ্ট জানিয়েছেন, বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, মিজানুর রহমান নামে এক ব্যক্তির দায়ের করা ১৩ কোটি টাকা প্রতারণার মামলায় পূজা চেরির বাবাকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন।
এমন পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে পূজা চেরি তার বক্তব্য তুলে ধরেন। পূজা জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিডিয়াতে কাজ করে তিনি নিজের ক্যারিয়ার ও জীবনযাত্রার ব্যয় নিজেই নির্বাহ করছেন। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। অভিনেত্রী দাবি করেন, তিনি কোনো প্রোডাকশন হাউজের মালিকানার সাথে যুক্ত নন এবং বাবার কোনো ব্যবসায়িক লেনদেনের বিষয়েও তিনি অবগত নন। পরিবারের সদস্য হিসেবে বিষয়টি মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা বলেন, "এটি একান্তই তার (বাবার) ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে।"
পোস্টের শেষে পূজা চেরি সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, এই স্পর্শকাতর সময়ে অহেতুক তাকে বা তার কাজকে যেন এই ঘটনার সঙ্গে জড়ানো না হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং আদালতের ওপর তিনি পূর্ণ আস্থা রাখছেন বলে জানান।
Comments